
স্বাস্থ্যভবন অভিযানে যাওয়ার পথে হাওড়াতেও বাধা পেলেন আশা কর্মীরা। হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের সলপ মোড়ে পুলিশ আন্দোলনকারীদের বাস আটকে দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পথে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন আশা কর্মীরা। অন্যদিকে, হাওড়া স্টেশনেও আটকে দেওয়া হয় আন্দোলনরত আশা কর্মীদের। সেই নিয়েও উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশা কর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সেখানে। বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আজ বুধবার স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছেন আশা কর্মীরা। অভিযান শুরু হতেই বিভিন্ন জায়গায় মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন আশা কর্মীরা।
