উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টি ও তার সঙ্গে হড়পা বান। দুই প্রাকৃতিক বিপর্যয়ের জোড়া ফলায় ধস নেমে, জলের তোড়ে ভেসে গেল ধারালি গ্রাম । জলে ভেসে গিয়ে মৃত্যু হল চার জনের। নিখোঁজ কমপক্ষে ৫০ জন। ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলের ধারালি গ্রামের ভয়ংকর প্রকৃতিক বিপর্যয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে জলের তোড়ে ভেসে যাচ্ছে বাড়িঘর, দোকান।দেবভূমির উত্তরকাশীর ধারালি গ্রামের হাড়হিম করা ভিডিও দেখে শিউরে উঠছেন সকলে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, হড়পা বানে বহু বাড়িঘর তো বটেই, গ্রামে থাকা অন্তত ২০-২৫টি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে। মেঘভাঙা বৃষ্টির জলে উপচে পড়ে ক্ষীরগঙ্গা নদী। এক সময় নদীর জলের তোড়ে ভেসে যায় দুই পাড়। তাতেই কমপক্ষে ৫০ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে অন্তত ১০-১২ জন আটকে পড়েছেন বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। গ্রামের নিকটবর্তী ক্ষীরগঙ্গা নদীর উচ্চ অববাহিকায় মেঘ ভাঙা বৃষ্টি হয়। তার পরেই উঁচু থেকে দু’কূল ছাপিয়ে গ্রামের দিকে নামতে শুরু করে ফুঁসতে থাকে ওই নদী।হিমালয়ের কোলে থাকা উত্তর ভারতের রাজ্যগুলিতে কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। হরিদ্বারে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা এবং কালী নদী। নাগাড়ে ভারী বর্ষণের জেরে উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূনে সোমবার সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখতে হয়। এই পরিস্থিতিতে হড়পা বানের আশঙ্কা ছিলই। অল্প সময়ে অনেক পরিমাণে (মেঘভাঙা বৃষ্টি) জেরে পরিস্থিতির দ্রুত অবনতি হয় উত্তরকাশী জেলার ওই গ্রামে। উত্তরকাশী জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টির জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বহু গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায়। চার ধামের অন্যতম গঙ্গোত্রীর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।ধারালি গ্রামের মাত্র চার কিলোমিটার দূরে, হারসিলে রয়েছে সেনার ক্যাম্প। সেনার তরফে জানানো হয়েছে, তাদের ১৫০ জন ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। ১৫-২০ জনকে উদ্ধার করা গেলেও বাকিদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। আহতদের চিকিৎসা চলছে সেনার ক্যাম্পেই। দুপুর ১টা ৪৫ মিনিটে দুর্যোগটি হয়। তার কিছু সময় পরেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, “ধারালির হড়পা বান নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ওই ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছি। আইটিবিপি-র তিনটি দল, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)-এর চারটি দল ঘটনাস্থলে গিয়েছে।”
Related Posts
গ্র্যান্ড মুফতির সঙ্গে সাক্ষাৎ, সামাজিক সম্প্রীতি নিয়ে আলোচনা—টুইট করলেন প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী Narendra Modi জানিয়েছেন, ভারতের গ্র্যান্ড মুফতি Sheikh Abubakr Ahmad-এর সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সামাজিক মাধ্যম এক্স…
উত্তরপ্রদেশে মহিলাকে প্রস্রাব পান করিয়ে শ্বাসরোধ করে খুন তান্ত্রিকের
আজমগড়ে তান্ত্রিকের সাধনার সময় এক ৩৫ বছর বয়সী মহিলার রহস্যজনক মৃত্যু। রবিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের আজমগড় জেলার কান্ধরাপুর থানা এলাকার পাহলওয়ানপুর…
অন্ধ্রে গাড়ির ভিতরে দম আটকে মৃত চার শিশু
অন্ধ্রপ্রদেশে দ্বারাপুড়ি গ্রামে মহিলা মণ্ডল অফিসের কাছে একটি গাড়ির ভিতরে আটকে পড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হল চার শিশুর। ওই এলাকায়…
