রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি, জাপানেও আছড়ে পড়ল সুনামি

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প। পরপর ২০০ বার কম্পন অনুভূত হলো। ভূমিকম্পের পর সুনামি! তার জেরে জাপান উপকূলেও সুনামি আছড়ে পড়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল প্রায় ৮.৮! বুধবার রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ জুড়ে কম্পন অনুভূত হয়। এরপরই আছড়ে পড়েছে সুনামি । জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও প্রায় ৪ মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখা গেছে। সতর্কতা জারি করা হয়েছে আমেরিকা-সহ প্রশান্ত মহাসাগরের আশপাশের বেশ কয়েকটি দেশেও। মার্কিন আবহাওয়া সংস্থা USGS জানিয়েছে, রাশিয়ার ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯.৩ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।রাশিয়ার ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে উপকূলবর্তী এলাকা, উত্তর-পশ্চিম হাওয়াই দীপপুঞ্জ ও কামচাটকা অঞ্চলের কিছু অংশে ৩-৪ মিটার উঁচু ঢেউ-সহ সুনামি লক্ষ্য করা গিয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাসিন্দাদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ভূমিকম্পের বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে । জানা গেছে, তীব্র কম্পনের জেরে বহু মানুষ বাড়ি খালি করে রাস্তায় নেমে আসেন। অনেক বাড়িতে আলমারি উলটে পড়ে, আয়না ভেঙে যায়, ঘর-বারান্দা কেঁপে ওঠে। শহরে বিদ্যুৎ চলে যায় এবং মোবাইল পরিষেবাও বন্ধ হয়ে যাওয়ার খবর মিলেছে।রাশিয়ার কম্পনের জেরে ইতিমধ্যেই জাপানের উপকূলবর্তী এলাকার কিছু অংশে সুনামি আছড়ে পড়তে শুরু করেছে। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তিনি পরিস্থিতির দিকে নজর রাখছেন। আমেরিকার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার ইতিমধ্যেই আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জের জন্য সরাসরি সুনামি সতর্কতা জারি করেছে। নজরদারি বাড়ানো হয়েছে ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন ও হাওয়াইয়ের পশ্চিম উপকূলেও।এদিকে সোমবার রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান দ্বীপপুঞ্জ। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজ়েদ)-এর তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.২। যদিও এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।জিএফজ়েদ-এর তরফে জানানো হয়েছে, সোমবার রাতে আন্দামান সাগরে কম্পন অনুভূত হয়। ভূগর্ভ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূকম্পের উৎসস্থল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *