বিষাক্ত কোবরা গলায় জড়িয়ে বাইক চালানোর সময় সেই সাপের কামড়ে মধ্যপ্রদেশের গুনা জেলায় এক ব্যক্তির মৃত্যু হল। মৃত ব্যক্তির নাম দীপক মহাভার। জানা গিয়েছে গলায় ওই বিষধর কোবরাটি জড়িয়েই বাইক চালাচ্ছিলেন তিনি। ৩৫ বছরের দীপক মহাভার পেশায় একটি কলেজের অস্থায়ী কর্মী ছিলেন। তবে পেশাদার সাপুড়ে হিসেবেও তিনি কাজ করতেন। দীপক বহুদিন ধরে সাপ ধরতেন এবং বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধার করেছেন। জানা গিয়েছে, কিছুদিন আগেই তিনি একটি কোবরা উদ্ধার করেন এবং সেটিকে একটি কাঁচের পাত্রে রেখে দেন। শ্রাবণ মাসের শোভাযাত্রায় ওই সাপটি প্রদর্শন করবেন বলে তিনি মনস্থির করেন।ঘটনার দিন অর্থাৎ সোমবার সকালে দীপক কোবরা সাপটিকে গলায় মালার মতো জড়িয়ে বাইক চালিয়ে নিজের দুই ছেলেকে স্কুলে ছাড়তে যান। রাস্তায় তাঁকে দেখে এক পথচারী সেই ভিডিও করেন এবং সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে দুর্ঘটনা ঘটে ফেরার পথে। আচমকা সাপটি দীপকের গলায় ছোবল মারে। রাস্তার লোকজন দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। অ্যান্টি ভেনম দেওয়া হলেও দীপককে বাঁচানো যায়নি। দুর্ভাগ্যের বিষয় দীপকের স্ত্রী আগেই মারা যাওয়ায় এখন দুই ছেলে রৌনক (১২) এবং চিরাগ (১৪)কে কারা দেখাশোনা করবে সেই নিয়ে রীতিমত চিন্তায় আত্মীয়রা।কিন্তু ঘটনার কথা জানাজানি হতে এই বিষয়ে সচেতন করেছেন পরিবেশবিদরা। তবে আগে থেকেই কেন কোনরকম সঠিক নির্দেশিকা এই নিয়ে জারি করা হয় নি সেই নিয়েও উঠছে প্রশ্ন। প্রশাসনের তরফেও কেন এই ধরণের পশু বাড়িতে রাখা বা প্রকাশ্যে নিয়ে ঘোরার বিষয়ে কোনরকম পদক্ষেপ নেওয়া হয় না এই নিয়ে প্রশ্ন তুলছেন বেশ কিছু স্থানীয় মানুষ। মধ্যপ্রদেশে সাপের কামড় একটি গুরুতর সমস্যা। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর মাসের এই বর্ষাকালে সাপের উৎপাত আরও বাড়ে। বন্যপ্রাণ বিভাগের কর্মকর্তারা এই বিষয়ে জানিয়েছেন, ধানক্ষেত, খোলা নালা এবং জলাবদ্ধ এলাকায় সাপের, বিশেষ করে কোবরা, ক্রেট এবং ভাইপারের প্রজনন ক্ষেত্র হয়ে ওঠার সম্ভাবনা অনেকটাই বাড়ে। মধ্যপ্রদেশে প্রতি বছর কয়েকশো সাপের কামড়ের ঘটনা ঘটে। এর মধ্যে বেশিরভাগই ক্ষেত্রেই সঠিক চিকিৎসাব্যবস্থা পৌঁছতে দেরি বা ভুল প্রাথমিক চিকিৎসার কারণে রোগী মারা যায়।
Related Posts
তেলঙ্গানায় রাসায়নিক ট্যাঙ্কার ফেটে বিপর্যয়, মৃত্যু মিছিল
তেলঙ্গানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। সোমবার হায়দরাবাদে সিগাচি কেমিক্যালস কারখানায় একটি রাসায়নিক ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। কমপক্ষে ১০ জন মারা গিয়েছেন…
SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর বক্তব্য: ভোটার তালিকা সংশোধন নিয়ে একাধিক প্রশ্ন
নতুন দিল্লি: ভোটার তালিকার Special Intensive Revision (SIR) প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে নিজের বক্তব্য পেশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…
৭নং ফর্ম জমা নিয়ে হাওড়ায় মুখ্য নির্বাচনী কার্যালয়ের সামনে উত্তেজনা, তৃণমূল-বিজেপি সরব পরষ্পরের বিরুদ্ধে
রাতের অন্ধকারে চুপিচুপি ৭ নম্বর ফর্ম জমা দেবার পরিকল্পনা করেছিল বিজেপি, অভিযোগ তুলে হাওড়া সদরের মুখ্য নির্বাচনী কার্যালয়ের সামনে সোমবার…
