দক্ষিণ আফ্রিকা থেকেই এবার জেব্রার আগমন হবে আলিপুর চিড়িয়াখানায়

আলিপুর চিড়িয়াখানায় এবার দক্ষিণ আফ্রিকা থেকে জেব্রা আনার সিদ্ধান্ত নেওয়া হল। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশের একটি বন্যপ্রাণী পার্ক থেকে ছয়টি জেব্রা আনা হবে আলিপুর চিড়িয়াখানায়। ২০১০ সালে ইজরায়েল চারটি জেব্রা উপহার দিয়েছিল আলিপুরকে। তাদেরই বংশধররা এখন নিউটাউন হরিণালয়-সহ বিভিন্ন চিড়িয়াখানার আছে। প্রসঙ্গত, বর্তমানে আলিপুরে তিনটি স্ত্রী ও একটি পুরুষ জেব্রা রয়েছে। কিন্তু এবার জেব্রার পরিবার বাড়াতে তৎপর কর্তৃপক্ষ। তাই এবার বাইরে থেকে জেব্রা নিয়ে এসে প্রজনন করানো হবে বলেই সিদ্ধান্ত নেয় আলিপুর চিড়িয়াখানা। তবে ইতিপূর্বে জানা গিয়েছিল আবার ইজরায়েল থেকে জেব্রা আনা হবে। তবে সেই সিদ্ধান্ত বদল করে এখন দক্ষিণ আফ্রিকা থেকে জেব্রা নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।দক্ষিণ আফ্রিকা থেকে জেব্রা নিয়ে আসার সিদ্ধান্ত আগেও নেওয়া হয়। কিন্তু সেখানে আফ্রিকান ঘোড়া রোগের সংক্রমণ থাকায় সেই সিদ্ধান্ত বদল করা হয়। অন্যদিকে ইজরায়েল গাজার সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাওয়ায় তাদের সঙ্গেও আর কোনও যোগাযোগ নতুন করে করা হয়নি। তবে এবার ফের দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ করলে জানা গিয়েছে তারা ছয়টি জেব্রা পাঠাতে চায়। তবে তাদের কিছুটা সময় লাগবে। এই বছর তাদের হাতে পাওয়া যাবে না। তবে সুখবর হল আলিপুরে এই মাসেই চলে আসবে সবুজ অ্যানাকন্ডা। এছাড়া মধ্যপ্রদেশ থেকে আফ্রিকান সিংহ আনার কথা রয়েছে। মনে করা হচ্ছে, শীতকালেই আফ্রিকান সিংহও আসার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *