এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ পেলেন সৃজন ভট্টাচার্য

রাজ্যস্তরে আর সীমাবদ্ধ থাকলেন না সৃজন ভট্টাচার্য। দায়িত্ব বাড়ল সিপিএমের জনপ্রিয় নেতা সৃজন ভট্টাচার্যের। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে উন্নীত হলেন সৃজন। রবিবার কেরলের কোঝিকোড়ে এসএফআইয়ের সম্মেলন থেকে সংগঠনে রদবদল হয়ে সংগঠনের সভাপতি হয়েছেন কেরলের আদর্শ এম সাজি। ২৭ তারিখ, শুক্রবার থেকে শুরু হয়েছিল এই শীর্ষ সম্মেলন এবং চলবে আগামিকাল পর্যন্ত।

যাদবপুরের বাসিন্দা সৃজন ভট্টাচার্যের রাজনৈতিক কেরিয়ার বরাবর সৃজনশীল। বাম রাজনীতিতে সুবক্তা হিসেবে বেশ জনপ্রিয় ৩২ বছরের সৃজন। বিধানসভা, লোকসভা নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতাও হয়েছে তাঁর। এসএফআই-এর রাজ্য সম্পাদক পদে কয়েক বছর ছিলেন সৃজন ভট্টাচার্য। বয়সের কারণে সেই পদ ছাড়তে হয়। সংগঠনের সঙ্গে বরাবরই জড়িত থাকায় এবার সর্বভারতীয় স্তরে উত্তরণ ঘটল তাঁর। আগে এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ছিলেন ময়ুখরঞ্জন বিশ্বাস। সৃজনের এই মুহূর্তে বয়স ৩২ বছর। তাই তিনি এখন তিনবছর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। নতুন সভাপতি হয়েছেন আদর্শ এম সাজি। তিনি কেরলের ছাত্র সংগঠনের সদস্য ছিলেন। সবমিলিয়ে জাতীয় স্তরে রাজনৈতিক পরিসরে বাঙালির জয়জয়কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *