উত্তরাখণ্ডে বৃষ্টিতে বিপর্যয়, নির্মীয়মাণ হোটেল ভেঙে নিখোঁজ ৯ শ্রমিক

উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার বারকোট তহশিলের পলিগাড়-সিলাইব্যান্ড এলাকায় মেঘভাঙা বৃষ্টির জেরে শনিবার রাতে প্রায় ২টো নাগাদ একটি নির্মীয়মাণ হোটেল ভেঙে পড়ে এবং কমপক্ষে ৯ জন শ্রমিক নিখোঁজ । পাহাড় থেকে ধস নামার ফলে উদ্ধারকাজে সমস্যা হলেও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং পুলিশ অভিযান চালাচ্ছে। উত্তরকাশীর জেলাশাসক এই বিষয়ে জানিয়েছেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং দ্রুত নিখোঁজ ব্যক্তিদের খোঁজার চেষ্টা চলছে। বারকোট থানার এসএইচও জানিয়েছেন যে তারা মধ্যরাতে যমুনোত্রী হাইওয়েতে মেঘ ভাঙার ফলে বিপর্যয়ের খবর পেয়েছেন। ভারী বৃষ্টির ফলে নির্মীয়মান হোটেলের কর্মরত শ্রমিকরা ভেসে যায়। বুধবার যমুনোত্রী যাওয়ার পথে ভূমিধসের পর নিখোঁজ দুই তীর্থযাত্রীর জন্য এনডিআরএফ নতুন করে খোঁজ শুরু করা হয়েছিল। এর কয়েকদিন পরেই আবার এই ঘটনাটি ঘটল। সোমবার ভূমিধসের পর পাহাড়ের ঢাল থেকে পাথর পড়ে আহত হয়ে দিল্লির এগারো বছর বয়সী ভাবিকা শর্মা এবং মুম্বইয়ের কমলেশ জেঠওয়া নিখোঁজ হন বলে জানা গিয়েছিল।

উত্তরাখণ্ডে বেশ কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। একাধিক জেলায় ধসের ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তবে শনিবারের টানা বৃষ্টির ফলে রুদ্রপ্রয়াগ জেলার সোনপ্রয়াগ-মুনকটিয়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। কেদারনাথ তীর্থযাত্রীদের যাতায়াতের মূল পথ হল এটাই।উত্তরাখণ্ডজুড়ে টানা বৃষ্টির ফলে একের পর এক পাহাড় ধসে পড়ছে। শনিবার সকালে বদ্রীনাথ–ঋষিকেশ জাতীয় সড়কে ধস নামে এবং সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কেদারনাথ যাত্রাপথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *