‘মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কেন চেক হবে না?’ বিধানসভায় ক্ষোভ প্রকাশ অগ্নিমিত্রার

বিধানসভায় ঢোকার মুখে বিজেপি বিধায়কদের গাড়ি তল্লাশি চলছে নিয়মমাফিক। বৃহস্পতিবার এই তল্লাশি চালানো নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী। অগ্নিমিত্রা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চেক করা হয়?” নিরাপত্তারক্ষী বলেন, “আমার কাছে যা অর্ডার আছে আমি সেই অনুযায়ী করছি।” কর্তব্যরত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বিজেপি নেত্রী বলেন, “নিয়ম তো সকলের জন্য সমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িও কি পরীক্ষা করা হয়? কেউ তো আইনের উর্ধ্বে নয়। আমার গাড়িতে তল্লাশি চালানো হলে মুখ্যমন্ত্রীর গাড়িও চেক করা হবে। আমি আলাদা কোনও সুবিধা চাইছি না।”

বিজেপির একটি উত্তরীয় দেখিয়ে এদিন তিনি বলেন, “এখানকার নিরাপত্তারক্ষী বলছেন এটা সরাতে হবে। কেন সরাবো? বড় বড় তৃণমূলের বিধায়কদের গাড়িতে লেখা থাকে ‘এগিয়ে বাংলা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও চিপকানো থাকে। সেই সময় তো বলছেন না গাড়ি ঢুকবে না। শুধু এই উত্তরীয় থাকলে বলছেন গাড়ি ঢুকবে না? প্রতিটি জিনিস থাকবে। কিছু সরানো হবে না।” বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রশ্নকরেন , তুলসী গাছ নিয়ে বিধানসভার ভিতরে যাতে কেউ না ঢুকতে পারে সেই কারণে কি এত তল্লাশি? প্রসঙ্গত, গত ১৩ই জুন থেকে বিধানসভায় বিজেপি বিধায়কদের গাড়ি তল্লাশি শুরু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *