
অশ্লিল ভিডিও দেখিয়ে নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে। বসিরহাটের হাড়োয়া থানা এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৩ বছরের নাবালিকা কন্যাকে ভিডিও দেখিয়ে এবং বিভিন্ন ভাবে আকর্ষণ করে নাবালিকা কন্যাকে তিন থেকে চার মাস ধরে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠলো সৎ বাবার বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ধর্ষণ করার পরেও বিষয়টি যাতে জানাজানি না হয় তার জন্য লাগাতার হুমকি দিতেন ওই গুণধর সৎ বাবা। তারপর পরে বিষয়টি জানাজানি হতেই নাবালিকা কন্যার মাসি হাড়োয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ পক্সো আইনে একটি মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পাশাপাশি ওই অভিযুক্তকে গ্রেফতার করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধৃতের নাম আব্দুল্লা মন্ডল। অন্যদিকে বিষয়টি ১০৯৮ এর মাধ্যমে চাইল্ড লাইনে জানালে জেলা শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকেও বিষয়টি নজরে রাখা হয়েছে এবং তাদের প্রতিনিধি পাঠিয়ে বিষয়টি ইতিমধ্যে খোঁজখবর শুরু করেছেন। চাইল্ড লাইনের প্রতিনিধি তমাল রায় বলেন, “এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করছি এবং নাবালিকা কন্যার পাশে আমরা আছি যতক্ষণ পর্যন্ত এই দোষী ব্যক্তি শাস্তি না পাচ্ছে।” স্থানীয় জনপ্রতিনিধিরাও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ধৃতকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।
