চায়ের সাথে মাদক মিশিয়ে বেঁহুশ করে ধর্ষন করা হল নার্সকে। এই অভিযোগে গ্রেফতার অভিযুক্ত সোমনাথ পণ্ডা নামে এক চায়ের দোকানদার। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার গড়িয়া স্টেশন সংলগ্ন কয়লাপট্টি এলাকায়। বুধবার অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দু’জনের মোবাইল ফোন সহ একাধিক সামগ্রী। তদন্তে নেমেছে পুলিশ।
অভিযুক্ত সোমনাথ পণ্ডার চায়ের দোকানে রাত দশটা নাগাদ চা খেতে যান নির্যাতিতা। মেয়েটি পেশায় একজন নার্স। অভিযোগ, চা খাওয়ার সময় তার অজান্তেই কিছু মিশিয়ে দেওয়া হয়। নির্যাতিতা জানান, ওই দোকানদার তাকে তার স্বামীর কাছে টাকা পাঠাতে সাহায্য করতেন, কারণ তার স্বামী ভিনরাজ্যে কর্মরত। সেদিনও টাকা পাঠানো নিয়ে কথা বলতে গিয়েছিলেন তিনি। চা পান করার কিছুক্ষণের মধ্যেই তিনি বেহুঁশ হয়ে পড়েন এবং বেশ কিছু সময় অচৈতন্য অবস্থায় দোকানেই ছিলেন।
