
‘দ্য কাশ্মীর ফাইল্স’ ছবির সাফল্যের পরেই ‘দ্য দিল্লি ফাইল্স’ ছবিটির ঘোষণা করেছিলেন পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রী। কিন্তু কাজ এগোনোর আগেই আরও একটি নতুন ছবি নিয়ে তথ্য প্রকাশ করলেন পরিচালক। দিল্লির গল্প নয় এবার বাংলাকে নিয়ে ছবি বানাবেন তিনি।
সূত্রের দাবি, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে ঘটা সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়ে ছবিটি তৈরি করতে চেয়েছিলেন পরিচালক। কিন্তু এই ছবির জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে বাংলার ইতিহাস সম্পর্কেও অনেক কিছু জানতে পেরেছেন, এমনই দাবি বিবেকের। নিজের এক্স হ্যান্ডলে বিবেক লিখেছেন, ‘‘এই ছবিতে বাংলায় হিংসার ইতিহাস তুলে ধরার জন্য বিগত ছ’মাস ধরে বিভিন্ন জায়গায় ঘুরছি। বাংলা এমন একটা রাজ্য, যা দু’বার বিভক্ত হয়েছে। স্বাধীনতা-পূর্ব এবং স্বাধীনতা-উত্তর সময়ে একাধিক গণহত্যা হয়েছে।’’
বিবেকের ছবিতে কি তবে বাম জমানার ইতিহাস উঠে আসবে, নাকি থাকবে বর্তমান সরকারের প্রসঙ্গও? এখনও স্পষ্ট নয় চিত্রনাট্যের উদ্দেশ্য। তবে জানা গিয়েছে, এ ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশী-সহ একাধিক অভিনেতা। টলিপাড়ার শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাসদের দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।১২ জুন মুক্তি পাবে ছবির টিজার। ছবিটি মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর।
