
রাজনীতির ময়দান সামলে এবার রুপোলি পর্দায় কুণাল ঘোষ। অরিন্দম শীলের পরিচালনায় অভিনয় করবেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটের এক সত্য ঘটনা নিয়ে রহস্যের মোড়কে নির্মিত হতে চলেছে এই ছবির গল্প।
বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটের কোন সত্য ঘটনা উঠে আসবে গল্পে?
একেবারে অন্য খাতে এগোবে ছবির গল্প। বাংলার রাজনীতির এমন এক সত্যি ঘটনা উঠে আসবে পর্দায় যে রহস্যের কিনারা আজও হয়নি। সেখানে তৎকালীন শাসক দলের রাজ্য সম্পাদকের ভূমিকায় অভিনয় করবেন কুণাল ঘোষ। সূত্রের খবর, যে মহিলার অন্তর্ধানের ঘটনা অবলম্বনে ছবির গল্প, তিনি সেই সময়ে উচ্চ পদাধিকারী ছিলেন। আচমকাই তিনি নিঁখোজ হয়ে যান এবং এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এই চরিত্রেই দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়, লহমা ভট্টাচার্য, অর্পণ ঘোষাল সহ সঞ্জীব সরকারকে। ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য পড়া শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসেই শুটিং ফ্লোরে যাবে ছবিটি।
