
উত্তরবঙ্গের গজলডোবা সংলগ্ন দুধিয়া বালুচর এলাকায় কীর্তন শুনে বাড়ি ফেরার পথে হাতির হানায় এক যুবক ও এক কিশোরের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজন নারায়ণ দাস (১৯) ও অপরজন তুষার দাস (১৬)। আজ ভোররাতে তিনটে নাগাদ কীর্তনের আসর থেকে ফিরছিলেন মোট ৬ জন। ফেরার পথে বন দপ্তরের কর্মীদের সঙ্গে দেখা হয় তাদের। বন কর্মীরা সেই সময় হাতি তাড়ানোর কাজ করছিলেন।
বন কর্মীরা হাতি নেই জানালে তারা এগিয়ে যায়। কিন্তু দুধিয়া বালুচর এলাকায় আচমকা হাতির সামনে পড়ে যায় ৬ জনের দলটি। চার বন্ধু কোনও ক্রমে পালিয়ে যায় তবে ২ জনকে হাতি নাগালের মধ্যে পেয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় তারা। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় প্রায়ই হাতির গতিবিধি লক্ষ্য করা যায়, তবে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বার বার এরকম ঘটনা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বনদপ্তরের হস্তক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তুলেছেন। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে না আসা পর্যন্ত দেহ দুটি উদ্ধারে বাধা দেন তারা।
