আইসক্রিমে টিকটিকির লেজ, আমেদাবাদে অসুস্থ মহিলা

তীব্র গরমের আইসক্রিম যখন ভরসা তখন আমেদাবাদের বাসিন্দা এক মহিলা অসুস্থ হয়ে পড়লেন। একটি আইসক্রিমের দোকান থেকে তিনি নিজের পছন্দের ফ্লেভারের কোন কিনেছিলেন। কিন্তু খাওয়ার মাঝেই আইসক্রিমের ভিতরে টিকটিকির লেজ নজরে আসে তাঁর। এরপরেই বমি ও পেট ব্যথা শুরু হয়।

ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। মহিলা নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, আমেদাবাদের মানিনগর এলাকার মহালক্ষ্মী কর্নার নামের একটি দোকান থেকে ‘হাভমোর’ ব্র্যান্ডের আইসক্রিম কিনেছিলেন তিনি। অর্ধেক খেয়ে ফেলার পর তিনি দেখেন সেটাতে টিকটিকির লেজ আছে। দেখা মাত্র বমি করতে শুরু করেন মহিলা। শুরু হয় তীব্র পেটের যন্ত্রণা। পরিবারের লোকেরা মহিলাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে, এদিন তিনি চারটি কোন কিনেছিলেন। তার একটিতে ছিল টিকটিকির লেজ। মহিলার ছেলেমেয়েরা তখনও ওই আইসক্রিম খায় নি। যদি কিছু হয়ে যায়, তিনি সংস্থার বিরুদ্ধে মামলা করবেন বলেও ভিডিওতে জানান। ওই মহিলা আহমেদাবাদ পৌর সংস্থায় অভিযোগ দায়ের করেন, এর পরেই খাদ্য সুরক্ষা আইনের অধীনে লাইসেন্স না থাকায় মহালক্ষ্মী কর্নার আইসক্রিম পার্লারটি সিল করে দেওয়া হয়। আইসক্রিম ব্র্যান্ড হ্যাভমোরকে ৫০,০০০ টাকা জরিমানাও করা হয়েছে।

প্রাথমিক তদন্তে দেখা যায় যে আইসক্রিম কোনটি নারোদা জিআইডিসি ফেজ ১-এর হ্যাভমোর আইসক্রিম প্রাইভেট লিমিটেড কারখানায় তৈরি করা হয়েছিল। আইসক্রিম কোনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং কোম্পানিকে বাজার থেকে পুরো ব্যাচটি প্রত্যাহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *