মুখ্যমন্ত্রীর বারণ সত্ত্বেও মুর্শিদাবাদ (Murshidabad) গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেখানে রাজ্যপালকে পেয়ে মুর্শিদাবাদের বিধ্বস্ত এলাকার মানুষ, জানালেন নানা বক্তব্য। আজ শনিবার তিনি গিয়েছিলেন মুর্শিদাবাদের হিংসায় বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে। সেখান থেকে ঘুরে এসে রাজ্যপাল বলেন,’ যা ঘটেছে তা বর্বরোচিত।’
রাজ্যপাল বলেন,’ যা ঘটেছে তা বর্বরোচিত। এমন ঘটনা যেন আর না ঘটে। মানুষ আতঙ্কে রয়েছেন। আমাদের স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে হবে সেখানে। এটা মানুষকে বোঝাতে হবে যে তাঁদের নিরাপত্তা দিতে কেউ রয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য সমস্ত পদক্ষেপ নিতে হবে। অনেক ধ দাবি দাওয়া উঠে আসতে শুরু করছে। তবে তারমধ্যে অন্যতম হল, বিএসএফ ক্যাম্প। সাধারণ মানুষ একাধিক দাবি জানিয়েছেন। তাঁদের প্রথম দাবি, ন্যায় চাই। দ্বিতীয় দাবি, শান্তি চাই। তৃতীয় দাবি, স্থায়ী বিএসএফ ক্যাম্প।’
দুর্গতদের সঙ্গে দেখা করে তিনি বলেন,’ একজন রাজ্যপাল হিসাবে আমার যা করণীয় আমি করছি, করব। এটাই আমার কর্তব্য। আমি বাংলার মানুষের সঙ্গে আছি।’ এদিন জাফরাবাদে যে পরিবারের বাবা ও ছেলের খুন হয় হিংসার জেরে, সেই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। দুর্গতদের কাছে তিনি পিসরুমের নম্বর দিয়েছেন।
ধুলিয়ান বাজারে মানুষের সঙ্গে কথা বলে রাজ্যপাল বলেন,’আমি তাঁদের (ভুক্তভোগীদের) আমার সাথে নির্দ্বিধায় কথা বলতে বলেছি। তাঁরা ন্যায়বিচার চান, এবং তাঁরা ন্যায়বিচার পাবেন। আমি আশাবাদী, অন্ধকার কেটে যাবে, আলো আসবেই।’
