বড়তলা থানা এলাকার দুর্গাচরণ স্ট্রিটে চারতলা বাড়ির বারান্দা ভেঙে পড়ায় মৃত্যু হল এক কিশোরীর। পুলিশ (Police) জানিয়েছে মৃত ওই কিশোরীর নাম হেতাল মালি (১৭)। দুর্গাচরণ স্ট্রিটে মা-বাবার সঙ্গে ওই বাড়িতে থাকত হেতাল। শুক্রবার রাত দশটা নাগাদ চারতলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল সে। হঠাৎ চার ফুট বাই দশ ফুটের বারান্দাটি ভেঙে হেতালকে নিয়ে নীচে পড়ে যায়। শব্দ শুনে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। পুলিশ পৌঁছোনোর আগেই স্থানীয়েরা ওই কিশোরীকে উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কলকাতা পুরসভা সূত্রে খবর, বাড়িটি প্রায় শতাধিক বছরের পুরনো। পুরসভার তরফে আগেই ‘বিপজ্জনক’ নোটিস দেওয়া হয়েছিল। ওই বাড়িতে ৬৫ জন ভাড়াটে রয়েছেন। বাড়ি সংস্কার করার জন্য বলা হলেও সেটা করা হয়নি। মেয়েটির শরীরের একাধিক অংশে আঘাত লাগে। মাথায় গুরুতর আঘাত ছিল। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। মৃতার বাবা এবং মা আদতে গুজরাতের বাসিন্দা। শনিবার সকালে বাড়ির বিপজ্জনক অংশ পুরসভা ভেঙে ফেলে।
