পূর্ব মেদিনীপুরের পঞ্চায়েত হাতছাড়া বিজেপির

ফের একবার পদ্ম শিবিরে বড় ধাক্কা। বিধানসভা ভোটের প্রস্তুতির মধ্যেই আরও একটি পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এতদিন বিজেপির দখলে ছিল। এবার এই পঞ্চায়েতে প্রধান পদে নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের উমারানি ভূঁইয়া। পঞ্চায়েতের উপপ্রধান পদে পদে বসেন তৃণমূলের শেখ আনোয়ার আলি। শুক্রবার প্রধান পদের নির্বাচন হয়। এই পঞ্চায়েতে সেখানে তৃণমূল কংগ্রেসের ১২ জন সদস্য ভোট দেন। আর বিজেপির পক্ষে ভোট দেন ৮ জন। একজন সদস্য এদিন অনুপস্থিত ছিলেন।

২২ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে গত নির্বাচনে তৃণমূল এবং বিজেপি সমান সমান আসন পেয়েছিল। উভয় দলের পক্ষ থেকে ১১ জন করে পঞ্চায়েত সদস্য ছিলেন। টসের মাধ্যমে এই পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন বিজেপির সদস্য। তবে উপপ্রধান হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সদস্য। মাসখানেক আগেই বিজেপির প্রধানের অস্বাভাবিক মৃত্যু হয়। এরপরেই প্রধান পদ শূন্য হয়ে যায় তাই এই পদে নির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। সেই নির্বাচন ছিল শুক্রবার।

নির্বাচনের আগে বিজেপির এক সদস্য তৃণমূলে যোগ দেন। ফলে স্বাভাবিকভাবেই বিজেপির সদস্য সংখ্যা কমে গিয়ে ৯ জনে নেমে আসে। তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয় ১২ জন। তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ভগবানপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখল করে বোর্ড গঠন করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *