শনিবার কটকে কাঠজোড়ি নদীর উপর সেতু নির্মাণ কাজ চলাকালীন কংক্রিটের একটি স্ল্যাব পড়ে ইঞ্জিনিয়ার ও ২ শ্রমিকের মৃত্যু হয়। স্ল্যাবটি ক্রেন দিয়ে তোলার চেষ্টা করা হচ্ছিল এবং সেই সময়ে হঠাৎ দুর্ঘটনাটি ঘটে। আরও ৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তারা এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের মতে, নীচের শ্রমিকরা স্ল্যাবের তলায় চাপা পড়ে যান। নিহতদের নাম সৌম্যরঞ্জন বেহেরা, শুভঙ্কর পট্টনায়ক এবং সুভাষ ভক্ত। আহতদের নাম অরুণ বারিক এবং বিকাল জেনা, দুজনেই শ্রমিক। বাকি ৩ জনের পরিচয় জানার চেষ্টা চলছে।
কটকের ডি সি পি জানান, প্রাথমিকভাবে স্থানীয়রা ও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। ক্রেনের একটি অংশের ত্রুটির ফলে স্ল্যাবটি শ্রমিকদের ও সাইট ইঞ্জিনিয়ারের ওপর পড়ে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে।
