বাঁকুড়ায় ফের বাজ পড়ে মৃত ২,গত ১৫ দিনে বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ১১

বাঁকুড়ায় ফের বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটল। এবার মৃতের সংখ্যা ২। মঙ্গলবার সন্ধ্যার মুখে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় বাঁকুড়ার ইন্দাস ও পাত্রসায়ের থানা এলাকায় দুই ব্যক্তির মৃত্যু হয়। গত ১৫ দিনে বাঁকুড়ায় বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জন।চলতি বছর বর্ষার শুরু থেকেই একের পর এক নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি হচ্ছে বাঁকুড়া জেলায়। সেই সঙ্গে মাঝেমধ্যেই বজ্রগর্ভ মেঘের কারনে মুহুর্মুহু বজ্রপাতের ঘটনাও ঘটছে। গত ২৪ জুলাই একইদিনে বাঁকুড়ায় বজ্রপাতে মৃত্যু হয় ৯ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার সন্ধ্যার মুখে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ফের বজ্রগর্ভ মেঘ তৈরী হয়। শুরু হয় বৃষ্টিও। আর সেই বৃষ্টির সময় দুটি পৃথক বজ্রপাতের ঘটনায় বাঁকুড়ার ইন্দাস থানার পলাশী গ্রামে মৃত্যু হয় রাজু বাগদী (৫৫) ও পাত্রসায়ের থানার পাটিত গ্রামের জয়ন্ত মন্ডল ( ৬৩) নামের এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গেছে দুজনেই মাঠে আমনের চারা রোপণের কাজ করছিলেন। বজ্রপাতে দুজনেই মাঠের মধ্যে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *