৭নং ফর্ম জমা নিয়ে হাওড়ায় মুখ্য নির্বাচনী কার্যালয়ের সামনে উত্তেজনা, তৃণমূল-বিজেপি সরব পরষ্পরের বিরুদ্ধে

রাতের অন্ধকারে চুপিচুপি ৭ নম্বর ফর্ম জমা দেবার পরিকল্পনা করেছিল বিজেপি, অভিযোগ তুলে হাওড়া সদরের মুখ্য নির্বাচনী কার্যালয়ের সামনে সোমবার রাতে গৌতম চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল। বিজেপির পাল্টা অভিযোগ, ৭ নম্বর ফর্ম জমা দিতে এসে বিজেপি কর্মীরা তৃণমূলের হাতে আক্রান্ত হয়। এমনকি, ছিঁড়ে ফেলে দেওয়া হয় ফর্ম। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে হাওড়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বিজেপির তরফ থেকে এই ঘটনা নির্বাচন কমিশনে অভিযোগ করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে রাতে উত্তেজনা ছড়ায় হাওড়া সদর মুখ্য নির্বাচনী কার্যালয়ের সামনে। হাওড়া সদরের তৃণমূল সভাপতি গৌতম চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল। তিনি বলেন, কোনও মারধরের ঘটনা ঘটেনি। তাঁর অভিযোগ, রাতের অন্ধকারে চুপিচুপি ৭ নম্বর ফর্ম জমা দেবার পরিকল্পনা করেছিল বিজেপি। হাওড়ার চারটি বিধানসভা কেন্দ্রের প্রায় ৩৫ হাজার ফর্ম জমা দিচ্ছিল বিজেপি। যাতে বৈধ ভোটারদের নাম বাদ যায়। এর তীব্র প্রতিবাদ করা হয়েছে। তিনি দাবি করেন, রাতে যদি ৭ নম্বর ফর্ম জমা নেওয়া হয় তবে শুনানিও চালাতে হবে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে আসে হাওড়া সিটি পুলিশের আধিকারিরা। যদিও নির্বাচন কমিশন সূত্রে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *