
পুরুলিয়া: তৃণমূল কংগ্রেসের কোনও নেতা বা কর্মীর আচরণে অসন্তোষ থাকলে দলকে দায়ী করা উচিত নয়—এই বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার পুরুলিয়ার গুড়া ব্লকের লধুড়কা চন্দ্রেশ্বর মাঠে জনসভা থেকে তিনি বলেন, অভিযোগ জানাতে চাইলে ‘এক ডাকে অভিষেক’ হেল্পলাইনে ফোন করা যেতে পারে।
সভায় অভিষেক বাম ও বিজেপিকে একযোগে নিশানা করে বলেন, পুরুলিয়ায় এক সময়ের সিপিএম নেতারাই এখন বিজেপির মুখ। আগামী বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার সবকটি আসন জিতে বিজেপিকে শূন্য করার লক্ষ্য স্থির করেন তিনি।
২০২১ সালে পুরুলিয়ায় তৃণমূল আশানুরূপ ফল না পাওয়ার কথাও স্বীকার করেন অভিষেক। তবে চতুর্থবার সরকার গঠিত হলে জেলাটিকে উন্নয়নের দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন।
পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতকে আক্রমণ করে অভিষেক বলেন, ট্রেন সময়মতো না চললেও সাংসদের তরফে কোনও উদ্যোগ দেখা যায়নি। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনের তিন মাসের মধ্যে ট্রেন লেটের সমস্যা মেটানো হবে।
শেষে অভিষেক জানান, সবকটি আসনে তৃণমূল জয়ী হলে ছয় মাসের মধ্যে পুরুলিয়ার বাকি দাবিগুলি পূরণের চেষ্টা করা হবে।
