Site icon PrimeTime

ঝাড়খণ্ডে নদী থেকে উদ্ধার ৫০০ পাউন্ডের বোমা, এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার

20260322 115051

ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বাহারাগোড়া থানার অন্তর্গত সুবর্ণরেখা নদী থেকে প্রায় ৫০০ পাউন্ড ওজনের একটি সন্দেহজনক বোমা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বালি উত্তোলনের সময় শ্রমিকদের নজরে আসে বস্তুটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি প্রশাসনকে জানানো হলেও অভিযোগ, প্রাথমিকভাবে তৎপরতা দেখানো হয়নি। প্রায় দু’দিন পর রাঁচি থেকে বোম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। তাদের প্রাথমিক মত, উদ্ধার হওয়া বস্তুটি অত্যন্ত বিপজ্জনক বিস্ফোরক।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বোমাটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল এবং তার আশপাশের এলাকা সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বোমাটি ১৯৭১ সালের যুদ্ধের সময়কার হতে পারে। তবে এটি কীভাবে নদীর তলদেশে এল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Exit mobile version